দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বাংলা ভাষা-সাহিত্য পরিষদের সহসভাপতি সাইফুল মালেক আকাশের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম মাওলাসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন। তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণ এবং অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।
বাংলা বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী মোসাব আহমেদ সোহাগ বলেন, অপ্রতিম হত্যার প্রায় এক মাস পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় তাঁদের মানববন্ধন করতে হচ্ছে, যা লজ্জাজনক। তাঁর অভিযোগ, অভিযুক্তদের কিশোর প্রমাণের চেষ্টা চলছে। বায়োলজিক্যাল পরীক্ষার মাধ্যমে তাদের প্রকৃত বয়স নির্ধারণ করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী শানীন অশ্রু বলেন, অভিযুক্তরা ১৮ বছরের কম বয়সী হলেও প্রচলিত আইন সংশোধনের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে না যায়, তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
কলা ও মানবিক অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী বলেন, অপ্রতিম হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন। রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এ হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোনো প্রহসন তাঁরা মেনে নেবেন না। অভিযুক্তদের সংশোধনাগারে পাঠিয়ে বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার বিরোধিতাও করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলা বিভাগ শুরু থেকেই এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম মাওলা বলেন, দেশে বিচারব্যবস্থা নানা কারণে প্রশ্নের মুখে পড়ছে। একটি সুষ্ঠু সমাজ গড়তে বিচারপ্রক্রিয়া যথাযথভাবে বাস্তবায়ন করা জরুরি। তিনি অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা এবং বয়সের অজুহাতে কোনো অভিযুক্তকে যেন আইনের আওতা থেকে ছাড় দেওয়া না হয়, সে বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এমএস/